ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে এক অটোভ্যানচালককে পিটিয়ে গুরুতর আহত করে অটোভ্যান ছিনতাইয়ের ঘটনায় হৃদয় হোসেন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া অটোভ্যানটিও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অপর একজন পালিয়ে গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২২ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে আত্রাই উপজেলার মহাদিঘী গ্রামের আব্দুল আজিজ প্রামাণিকের ছেলে অটোভ্যানচালক মো. মেহেদী হাসান মোস্তাক (২৪) আহসানগঞ্জ রেলস্টেশনে ছিলেন। এ সময় দুই ব্যক্তি ১২০ টাকা ভাড়ায় ভোপাড়া বাজারে যাওয়ার কথা বলে তাঁর অটোভ্যানে ওঠেন।
কিছুক্ষণ সেখানে অবস্থানের পর ওই দুই যাত্রীকে নিয়ে আত্রাইয়ের দিকে ফিরছিলেন মেহেদী। পথে কাশিয়াবাড়ী ঈদগাঁও মাঠের পাকা রাস্তায় পৌঁছালে পেছনে বসা এক যাত্রী তাঁকে আঘাত করে গুরুতর আহত করেন। এ সময় অপর ব্যক্তিও তাঁকে আঘাত করেন। এতে তিনি মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা অটোভ্যানটি নিয়ে পালানোর চেষ্টা করে।
ঘটনাটি এক মোটরসাইকেল আরোহীর নজরে এলে তিনি দ্রুত টহলরত পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া অটোভ্যানসহ হৃদয় হোসেনকে গ্রেপ্তার করে। হৃদয় উপজেলার ইসলামগাঁথী গ্রামের মোহাম্মদ রাহান সরদারের ছেলে।
এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে আত্রাই থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ছিনতাই ও দস্যুতার মতো অপরাধ দমনে পুলিশ তৎপর রয়েছে। এ ঘটনায় দ্রুত একজনকে গ্রেপ্তার ও অটোভ্যান উদ্ধারের পাশাপাশি পলাতক অপর ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম জানান, খবর পাওয়ার পরপরই টহল পুলিশ দ্রুত ব্যবস্থা নেওয়ায় ছিনতাই হওয়া অটোভ্যানসহ একজনকে আটক করা সম্ভব হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.