শারমিন সুলতানা, পলাশ (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর পলাশে সন্তানদের সম্পত্তির অংশ বুঝিয়ে দেওয়ার দাবিকে কেন্দ্র করে সৌদি প্রবাসী আব্দুল ওয়াদুদ ভূঁইয়া রাসেলের জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ নিয়ে প্রায় পাঁচ ঘণ্টা ধরে উত্তেজনা চলে। পরে পুলিশের হস্তক্ষেপ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।
নিহত আব্দুল ওয়াদুদ ভূঁইয়া রাসেল উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পলাশ বাজার গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে। তিনি গত ২৩ অক্টোবর সৌদি আরবে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। মৃত্যুর প্রায় এক মাস পর সোমবার দুপুরে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়।
পরিবারের পক্ষ থেকে জানাজা ও দাফনের প্রস্তুতি নেওয়া হলে রাসেলের দুই অপ্রাপ্তবয়স্ক সন্তানের নামে সম্পত্তির অংশ বুঝিয়ে দেওয়ার দাবি তোলেন তাঁর স্ত্রী ও কয়েকজন স্বজন। তবে নিহতের বাবা-মা দাফনের আগে সম্পত্তি বুঝিয়ে দিতে রাজি হননি। তাঁদের দাবি, সন্তানরা প্রাপ্তবয়স্ক হলে তাদের প্রাপ্য সম্পত্তি বুঝিয়ে দেওয়া হবে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয় এবং জানাজা ও দাফন আটকে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১১ বছর আগে বগুড়ার ফুলতলা গ্রামের আমিরুল ইসলামের মেয়ে শারমিন আক্তারের সঙ্গে রাসেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে পরিবারের অমতেই তাঁরা বিয়ে করেন। বিয়ের পর রাসেলের পরিবার শারমিনকে মেনে নেয়নি বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় বসবাস শুরু করেন রাসেল। তাঁদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। পরে জীবিকার তাগিদে তিনি সৌদি আরবে যান।
রাসেলের স্ত্রী শারমিন আক্তার বলেন, “প্রায় ১১ বছর আগে পরিবারের অমতে ভালোবেসে আমরা বিয়ে করি। বিয়ের পর রাসেল তাঁর পরিবারকে অনেক বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। স্বামীর মরদেহ দেশে আসার খবর পেয়ে এখানে এসে দেখি, শ্বশুরবাড়ির লোকজন আমাকে ঘরে উঠতে দিচ্ছেন না। একপর্যায়ে পিতৃহারা সন্তানদের অধিকার দাবি করি। স্থানীয় অনেকেই আমার দাবির প্রতি সমর্থন জানিয়েছেন।”
এ বিষয়ে নিহত রাসেলের পরিবারের অন্য সদস্যদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন জানান, সম্পত্তির বিরোধে মরদেহ দাফনে বাধা দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় তিনি নিজেও পুলিশ সদস্যদের নিয়ে সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ওসি আরও জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় সিদ্ধান্ত হয়েছে, রাসেলের স্ত্রী শারমিন আক্তার ও তাঁর সন্তানরা এখন থেকে শ্বশুরবাড়িতে থাকবেন। তাঁদের ন্যায্য অধিকার থেকে যেন বঞ্চিত করা না হয়, সে বিষয়েও স্থানীয় ব্যক্তিরা নজর রাখবেন। পরে মরদেহ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.