ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় ২০টি বাড়িঘর ও তিনটি দোকান ভাঙচুর এবং মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দোহারো গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দোহারো গ্রামের সাবেক ইউপি সদস্য উজির আলী মোল্লা ও ইউনিয়ন যুবদল নেতা মেহেদী হাসান বাবুর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে সোমবার সন্ধ্যায় দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। এ সময় বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সাবেক ইউপি সদস্য উজির আলী মোল্লা বলেন, কী নিয়ে সংঘর্ষ হয়েছে, তা তিনি জানেন না। ঘটনার সময় তিনি গ্রামের বাইরে ছিলেন। সেখানে থাকা অবস্থায় খবর পান, প্রতিপক্ষ বাবুর সমর্থকেরা তাঁর দুই সমর্থককে মারধর করেছেন। পরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তাঁর কয়েকজন সমর্থক আহত হয়েছেন।
অন্যদিকে যুবদল নেতা মেহেদী হাসান বাবু অভিযোগ করেন, প্রতিপক্ষের লোকজন তাঁর সমর্থকদের ২০টি বাড়িঘর ও তিনটি দোকান ভাঙচুর এবং মালামাল লুটপাট করেছেন। বাধা দিতে গেলে তাঁর পাঁচ সমর্থককে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহত করা হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.