নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে অগ্নিসন্ত্রাস, হামলা-ভাঙচুর ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা প্রতিহত এবং শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে গাজীপুরে মোটরসাইকেল শোডাউন ও অবস্থান কর্মসূচি পালন করেছে মহানগর যুবদল।
সোমবার বিকেলে গাজীপুর মহানগর যুবদলের সাবেক প্রভাবশালী সদস্যসচিব মাহমুদ হাসান রাজুর নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে মহানগর যুবদলের ৯টি থানা ও বিভিন্ন ওয়ার্ডের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। এ সময় নেতাকর্মীদের মাথায় লাল কাপড় বেঁধে মোটরসাইকেল নিয়ে শোডাউনে অংশ নিতে দেখা যায়।
শোডাউনটি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফটক থেকে শুরু হয়ে জয়দেবপুর চৌরাস্তা, গাজীপুর শহরের প্রধান সড়ক, জোড়পুকুর ও কাজী আজিমউদ্দিন কলেজ সড়ক প্রদক্ষিণ করে গাজীপুর জুলাই স্মৃতিস্তম্ভের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নেতাকর্মীরা শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, অগ্নিসন্ত্রাস ও সহিংসতা প্রতিরোধ এবং যেকোনো ধরনের নৈরাজ্য মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় মাহমুদ হাসান রাজু বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ যেন অগ্নিসন্ত্রাস, হামলা-ভাঙচুর ও নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে যুবদলের নেতাকর্মীরা সজাগ ও ঐক্যবদ্ধ রয়েছেন।
তিনি আরও বলেন, গাজীপুর একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। এখানকার শিল্পকারখানা, শ্রমিক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। তাঁরা কোনো ধরনের সহিংসতা চান না। শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি তাঁদের সমর্থন রয়েছে। তবে আন্দোলনের নামে জনজীবন বিপর্যস্ত করা, শিল্পকারখানায় হামলা কিংবা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না।
গাজীপুরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে যুবদলের নেতাকর্মীরা রাজপথে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.