দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে আয়োজিত জব ফেয়ার-২০২৬-এ ৪৫২ জন আনসার ও ভিডিপি সদস্যের চাকরি নিশ্চিত হয়েছে। প্রাণ-আরএফএল গ্রুপের বিভিন্ন পদে তাঁদের নিয়োগ দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনাজপুর আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ জব ফেয়ার অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৬৫৫ জন আনসার ও ভিডিপি সদস্য অংশগ্রহণ করেন।
জব ফেয়ারে অংশগ্রহণকারীদের মধ্য থেকে ৪৫২ জনের চাকরি নিশ্চিত করা হয়। নিয়োগপ্রাপ্তদের মধ্যে ওয়েল্ডিং (৬জি) পদে ৩৫ জন, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং (আরএসি) পদে ৮ জন, অটোমোটিভ মেকানিক্স পদে ১৭ জন, ড্রাইভার পদে ১৮ জন, ড্রাইভার্স হেলপার পদে ৭৬ জন এবং সিকিউরিটি গার্ড পদে ২৯৮ জন রয়েছেন।
প্রাণ-আরএফএল গ্রুপের মানবসম্পদ বিভাগের (এইচআর) প্রতিনিধি ও সহকারী ব্যবস্থাপক জব ফেয়ারে উপস্থিত থেকে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেন। নিয়োগপ্রাপ্ত সদস্যরা আগামী ডিসেম্বরের মধ্যে প্রতিষ্ঠানটিতে কাজে যোগ দেবেন বলে জানানো হয়েছে।
আয়োজকরা জানান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের উদ্যোগ ও দিকনির্দেশনায় সদস্যদের প্রশিক্ষণের মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব উদ্যোগের ফলে দেশে ও বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
রংপুর রেঞ্জের উপমহাপরিচালকের তত্ত্বাবধানে দিনাজপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো. নূরুজ্জামানের উপস্থিতিতে জব ফেয়ারটি সফলভাবে সম্পন্ন হয়।
জব ফেয়ারে চাকরির সুযোগ, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় পরামর্শ পেয়ে সন্তোষ প্রকাশ করেন অংশগ্রহণকারী আনসার ও ভিডিপি সদস্যরা। এ উদ্যোগের জন্য তাঁরা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দিনাজপুর আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণকারীদের মধ্যে ওয়ালটন, সিঙ্গার, প্রাণ-আরএফএল ও যমুনা গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠানে মোট ৩১৭ জনের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.