নওগাঁ প্রতিনিধি
নওগাঁর পত্নীতলা উপজেলার পাটিচরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সুরমা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের নির্বাহী পরিচালক মো. ছবেদুল ইসলাম রনিকে ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় সাজা হয়েছে।
গ্রেপ্তার ছবেদুল ইসলাম রনি পত্নীতলা উপজেলার অনন্তপুর গ্রামের গয়েস উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁ ও আশপাশের এলাকায় সুরমা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের বিভিন্ন শাখা খুলে গ্রাহকদের উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে রনির বিরুদ্ধে। প্রায় দুই বছর আগে গ্রাহকদের আমানত ও লাভের টাকা ফেরত দিতে না পেরে তিনি আত্মগোপনে চলে যান। এতে শত শত গ্রাহক আর্থিক ক্ষতির মুখে পড়েন। টাকা ফেরতের দাবিতে বিভিন্ন স্থানে আন্দোলনও করেন ভুক্তভোগীরা। পরে রনির বিরুদ্ধে পত্নীতলা থানায় প্রতারণার মামলা করেন গ্রাহকেরা।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, রনি সাভার এলাকায় আত্মগোপনে রয়েছেন। এরপর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের একটি বিশেষ দল মঙ্গলবার মধ্যরাতে সাভার থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
ওসি আরও জানান, রনির বিরুদ্ধে পত্নীতলা ও নওগাঁ সদর থানায় মোট ১১টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.