গাজীপুর প্রতিনিধি
দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতা, বোমাবাজি, হত্যাকাণ্ড ও অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, জননিরাপত্তা এবং শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ রক্ষার দাবিতে এ কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত কৃষি অনুষদ ভবনের নিচে উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা এবং মানুষের জানমালের সুরক্ষার প্রশ্নে কোনো আপসের সুযোগ নেই। হত্যা, অগ্নিসংযোগ, বোমাবাজি কিংবা ভীতি প্রদর্শনের মাধ্যমে দেশ ও শিক্ষাব্যবস্থাকে অস্থিতিশীল করার অপচেষ্টা কখনোই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, একটি স্বার্থান্বেষী মহল নিজেদের হীনস্বার্থ চরিতার্থ করতে সাধারণ শ্রমজীবী মানুষকে ব্যবহার করে দেশে অস্থিতিশীলতা ও বিভাজন সৃষ্টির চেষ্টা করছে, যা অত্যন্ত উদ্বেগজনক। শ্রমজীবী মানুষের শ্রম, অধিকার ও মর্যাদাকে সম্মান করতে হবে। তাঁদের কোনো মহলের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে দেওয়া যাবে না।
উপাচার্য বলেন, গবেষণা, উৎপাদন, শিল্পায়ন এবং জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের মাধ্যমে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন সহিংসতা ও নৈরাজ্যের মাধ্যমে সেই অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার অপচেষ্টা জাতীয় স্বার্থের পরিপন্থী। তিনি অপরাধ ও সহিংসতার বিরুদ্ধে দল-মতনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবদুল্লাহ মৃধার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জাহিদুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, অধ্যাপক ড. মো. আবু আশরাফ খান, কৃষি ও জৈবসম্পদ প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এমদাদুল হকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও দপ্তরের শিক্ষক-কর্মকর্তারা।
বক্তারা বলেন, শিক্ষাঙ্গন কোনোভাবেই সন্ত্রাস, সহিংসতা কিংবা নৈরাজ্য সৃষ্টির ক্ষেত্র হতে পারে না। বিশ্ববিদ্যালয় হবে মুক্তচিন্তা, জ্ঞানচর্চা, গবেষণা, উদ্ভাবন ও মানবিক মূল্যবোধ বিকাশের নিরাপদ পরিবেশ। দেশের শান্তি-শৃঙ্খলা ও সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত করে এমন যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তাঁরা।
একই সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা এবং অপরাধীদের আইনের আওতায় এনে নিরাপদ, শান্তিপূর্ণ ও স্থিতিশীল বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.