নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
দীর্ঘ ১৮ বছরের বন্দিজীবন ও অপেক্ষার পর পরিবারের কাছে ফেরার সুযোগ পেলেন বাদল ফরাজি। ভারতের দিল্লিতে নামের মিলের কারণে হত্যা মামলায় জড়িয়ে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া এই বাংলাদেশি নাগরিক চার সপ্তাহের প্যারোলে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে পুলিশি নিরাপত্তায় নিজ বাড়ি বাগেরহাটের মোংলার উদ্দেশে রওনা হন তিনি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ জানান, বাদল ফরাজিকে বাগেরহাটে পৌঁছে দিতে মহানগর পুলিশের একটি দল এসকর্টের দায়িত্ব পালন করেছে। সেখানে বাগেরহাট জেলা পুলিশ তাঁকে গ্রহণ করে নিজেদের হেফাজতে নেয়। কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আবদুল্লাহ আল মামুনও বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখা থেকে গত ১৬ নভেম্বর জারি করা এক আদেশে বাদল ফরাজির চার সপ্তাহের প্যারোল মঞ্জুরের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশনা দেওয়া হয়। আদেশে তাঁকে নিজ স্থায়ী ঠিকানায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা এবং প্যারোলের শর্তাবলি অনুসরণের কথা বলা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বাদল ফরাজির পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া জানান, প্যারোল নীতিমালা-২০১৬ অনুযায়ী সাধারণত ১২ ঘণ্টার সুযোগ থাকলেও বিশেষ সিদ্ধান্তে মানবিক বিবেচনায় বাদল ফরাজিকে চার সপ্তাহের প্যারোল দেওয়া হয়েছে। তিনি এ উদ্যোগকে মানবিক দৃষ্টিকোণ থেকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।
জানা যায়, ভারতের দিল্লিতে একটি হত্যা মামলায় নামের মিলের কারণে ভুলভাবে জড়িয়ে পড়েন বাদল ফরাজি। ওই মামলায় তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হয়। প্রায় ১০ বছর ভারতের কারাগারে থাকার পর ২০১৮ সালে ভারত-বাংলাদেশ বন্দী বিনিময় চুক্তির আওতায় তাঁকে দেশে ফিরিয়ে আনা হয়। এরপর থেকে তিনি বাংলাদেশের কারাগারে বন্দী ছিলেন। সর্বশেষ তিনি কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ছিলেন।
বাদল ফরাজির প্যারোলে মুক্তির প্রক্রিয়ায় মানবাধিকার ও আইনগত সহায়তা সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক) সহযোগিতা করে। এর আগে সংস্থাটির পক্ষ থেকে তাঁকে নিরাপদে স্থায়ী ঠিকানায় পৌঁছে দিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহযোগিতা চাওয়া হয়। প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মঙ্গলবার তাঁকে কারাগার থেকে বাগেরহাট জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
দীর্ঘ ১৮ বছরের বন্দিজীবনের পর চার সপ্তাহের জন্য পরিবারের কাছে ফেরার এই সুযোগ বাদল ফরাজি ও তাঁর স্বজনদের মধ্যে স্বস্তি ফিরিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.