নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় ছয় দিন পর ৫১ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে নিহত জাসাস নেতা সোহেল রানার বড় ভাই জুয়েল মোল্যা বাদী হয়ে কালিয়া থানায় মামলাটি দায়ের করেন। মামলার নম্বর ১২, তারিখ ২৪/১১/২০২৬। গ্রেফতার দুজন হলেন দিশা বিশ্বাস ও রাকিব বিশ্বাস।
জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে গত ১৮ নভেম্বর কালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। সন্ধ্যা ৭টার দিকে মিছিলটি নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়ি বেন্দারচর বটতলা এলাকায় পৌঁছালে দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে। এতে মিছিলের পেছনে থাকা নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলায় কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা ও জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল রানা নিহত হন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, দুই বিএনপি নেতা হত্যার ঘটনায় নিহত সোহেল রানার বড় ভাই বাদী হয়ে মামলা করেছেন। এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের একাধিক দল কাজ করছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.