নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে আসাদ (৩২) নামে এক যুবকের মরদেহ গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাতাজীহাটের সাতগ্রাম এলাকায় খাড়ির ব্রিজের কাছে একটি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে আসাদকে হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।
নিহত আসাদ উপজেলার বেতবহুতি গ্রামের আছির উদ্দিনের ছেলে।
নিহতের নানা হারুন পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে এক ব্যক্তি মোবাইল ফোনে কল করে আসাদকে ডেকে নিয়ে যান। এরপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি। প্রথমে তার মোবাইল ফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি। পরে পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে খাড়ির পাশের একটি গাছে আসাদের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে বিষয়টি মাতাজীহাট ফাঁড়ির পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে যায়।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধারের প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.