কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের কচুয়ায় পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ চাচা-ভাতিজাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) ভোর ৬টার দিকে কচুয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কড়ইশ গ্রামের প্রধানিয়া বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন কড়ইশ গ্রামের জাকির হোসেনের ছেলে নাহিদ হোসেন (২৭) ও তার ভাতিজা জাহাঙ্গীর আলমের ছেলে মো. আরাফাত (২১)।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে চাঁদপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গনি স্কুলের পেছনে কুড়ালিয়া এলাকায় চাঁদপুর সদর মডেল থানা পুলিশের একটি চেকপোস্ট বসানো হয়। এসআই কালাম গাজী ও এএসআই কামরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ওই চেকপোস্টে সন্দেহজনকভাবে চলাচলকারী ১০ যুবককে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
এ সময় তাদের মোবাইল ফোন যাচাই করতে গিয়ে আরাফাতের ফোনের গ্যালারিতে একটি পিস্তলের ছবি দেখতে পান পুলিশ সদস্যরা। জিজ্ঞাসাবাদে আরাফাত জানান, পিস্তলটি তার চাচা নাহিদ হোসেনের। শখের বশে পিস্তলটি হাতে নিয়ে তিনি ছবি তুলেছিলেন।
পরে আরাফাতের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে এসআই কালাম গাজীর নেতৃত্বে সদর মডেল থানা পুলিশের একটি দল কচুয়া থানা পুলিশের সহযোগিতায় নাহিদ হোসেনের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বসতঘরের খাটের ড্রয়ার থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় নাহিদ ও আরাফাতকে গ্রেফতার করে থানায় নেওয়া হয়েছে। এছাড়া চেকপোস্টে আটক অপর ১০ যুবকও থানা হেফাজতে রয়েছেন। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.