মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের মুজিবনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে তহুরা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় তার দুই ছেলে গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার সোনাপুর মাঝপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তহুরা বেগম ওই গ্রামের মৃত রমজান মহলদারের স্ত্রী। আহতরা হলেন তার দুই ছেলে হানিফ মহলদার (৪৬) ও আব্দুর রহমান (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের মৃত বাকের মহলদারের ছেলে আসান মহলদার (৬০), মহির উদ্দিন মহলদার (৫২) ও ছহির উদ্দিন মহলদারের পরিবারের সঙ্গে রমজান মহলদারের পরিবারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। বুধবার সকালে বিরোধপূর্ণ জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ।
এ সময় তহুরা বেগম ও তার দুই ছেলে হানিফ মহলদার ও আব্দুর রহমান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তহুরা বেগমকে মৃত ঘোষণা করেন। আহত দুই ভাইয়ের অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে মুজিবনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। সেখানে পুলিশের নজরদারি অব্যাহত আছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.