ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হাইকোর্টের জারি করা অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে আব্দুল লতিফ গংদের বিরুদ্ধে। উপজেলার জাটিয়া ইউনিয়নের বিজয়পুর মৌজার ২৯ নম্বর দাগের ১৭ শতক জমি নিয়ে হাবিবুর রহমান গং ও আব্দুল লতিফ গংদের মধ্যে এ বিরোধ চলছে।
জানা গেছে, জমিটির বিআরএস রেকর্ড নিয়ে বিরোধের জেরে হাবিবুর রহমান গংদের দায়ের করা ১০৮৫০/২০২৬ নম্বর পিটিশনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট একটি অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।
হাবিবুর রহমান গংদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে ওই জমি ভোগদখল করে আসছেন। গত আমন মৌসুমেও জমিতে চাষাবাদ করেন তারা। তবে সম্প্রতি আব্দুল লতিফ গংরা জমি দখলের উদ্দেশ্যে তাদের রোপণ করা ধানের চারা তুলে ফেলে সেখানে নিজেদের ধানের চারা রোপণ করেন।
হাবিবুর রহমানের দাবি, হাইকোর্টের নিষেধাজ্ঞার নোটিশ পাওয়ার পরও আব্দুল লতিফ গংরা জমিতে ধানের চারা রোপণ করেছেন, যা আদালতের নিষেধাজ্ঞা অবমাননার শামিল।
তবে অভিযোগ অস্বীকার করে আব্দুল লতিফ বলেন, জেলা জজ আদালত তার পক্ষে ডিক্রি দেওয়ার পর তিনি নিজের জমিতে ধান রোপণ করেছেন। ধান রোপণের পর থানা পুলিশের মাধ্যমে হাইকোর্টের নোটিশ পেয়েছেন।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বলেন, আদালতের নিষেধাজ্ঞা অবমাননার বিষয়টি তার জানা নেই। এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.