মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরকে কুষ্ঠরোগের ঝুঁকিপূর্ণ এলাকা উল্লেখ করে রোগটি নিয়ে সামাজিক কুসংস্কার ও ভ্রান্ত ধারণা দূর করতে সাংবাদিকদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।
তারা বলেন, চিকিৎসার মাধ্যমে কুষ্ঠরোগ নিরাময় সম্ভব হলেও সচেতনতার অভাব ও সামাজিক বৈষম্যের কারণে আক্রান্ত ব্যক্তিরা এখনো নানা প্রতিবন্ধকতার মুখে পড়ছেন। এ পরিস্থিতি পরিবর্তনে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
বুধবার (২৫ নভেম্বর) মেহেরপুর সদর উপজেলার বামনপাড়ায় স্থানীয় সিডিপি (সেন্টার ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পিস) কার্যালয়ের সম্মেলনকক্ষে দিনব্যাপী এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।
‘কুষ্ঠরোগ বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
কর্মশালায় বক্তব্য দেন সংস্থাটির প্রজেক্ট অফিসার (এপিপি) মুশফিকুর রহমান, মেডিক্যাল অফিসার ডা. জ্যাকলিন রোজ, সিডিপির প্রোগ্রাম অফিসার জন প্রবঞ্জন বিশ্বাস, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু, মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন, দিলরুবা খাতুন ও রাশেদুজ্জামান।
বক্তারা বলেন, কুষ্ঠরোগ নিয়ে সমাজে এখনো নানা ধরনের কুসংস্কার ও ভুল ধারণা প্রচলিত রয়েছে। অনেকেই এ রোগকে ছোঁয়াচে মনে করেন। এমন ধারণার কারণে আক্রান্ত ব্যক্তিরা পরিবার, সমাজ ও কর্মক্ষেত্রে অবহেলা ও বৈষম্যের শিকার হন। অথচ কুষ্ঠরোগের চিকিৎসা রয়েছে এবং নির্ধারিত চিকিৎসা গ্রহণের মাধ্যমে এ রোগ নিরাময় সম্ভব।
তারা আরও বলেন, ২০৩০ সালের মধ্যে দেশকে কুষ্ঠরোগমুক্ত করার লক্ষ্য অর্জনে সরকারি-বেসরকারি সংস্থার পাশাপাশি গণমাধ্যমকর্মীদেরও ভূমিকা রাখতে হবে। সংবাদ ও সচেতনতামূলক প্রতিবেদন প্রকাশের মাধ্যমে কুষ্ঠরোগ সম্পর্কে মানুষের ভুল ধারণা দূর করা এবং আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার আওতায় আনতে সাংবাদিকেরা কার্যকর ভূমিকা রাখতে পারেন।
কর্মশালায় কুষ্ঠরোগের লক্ষণ, চিকিৎসা, সামাজিক বৈষম্য দূরীকরণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.