হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে মোহাম্মদ টমাস (৩৫) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে কয়েকটি অবিস্ফোরিত ককটেল ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধারের তথ্য জানিয়েছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান।
নিহত টমাস উদ্দীন শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর লম্বা টোলা গ্রামের গোলাম মর্তুজার ছেলে। তিনি শেখ হাসিনা সংগ্রাম পরিষদের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা ও কৃষক লীগের শিবগঞ্জ উপজেলা শাখার সদস্য ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মনাকষা ইউনিয়নের পারচৌকা মাঠে মশিউর রহমান নামের এক ব্যক্তির ঘাসের জমিতে কয়েকজন ব্যক্তি ককটেল তৈরি করছিলেন। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই টমাসের মৃত্যু হয়। এতে আরও কয়েকজন আহত হন।
ঘটনাস্থলে কয়েকটি অবিস্ফোরিত ককটেল, টিনের কৌটা, কসটেপসহ বিভিন্ন সরঞ্জাম পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের দাবি, ডিসেম্বর মাসকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে এসব ককটেল তৈরি করা হচ্ছিল। তবে এ দাবির সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান বলেন, বোমা বা ককটেল বিস্ফোরণে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন বলে তিনি জানতে পেরেছেন।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, ককটেল তৈরির সময় বিস্ফোরণে টমাস নামে একজন নিহত হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন। আহতদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.