নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুর-১ সংসদীয় আসনের কালিয়াকৈর, কোনাবাড়ি, কাশিমপুর ও বাসন এলাকায় বাড়ি ভাড়া এক টাকাও বাড়ানো যাবে না বলে জানিয়েছেন সংসদ সদস্য মজিবুর রহমান।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১২টার দিকে গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় বিএনপির নেতাকর্মীদের নিয়ে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এমপি মজিবুর রহমান বলেন, কোনো বাড়ির মালিক ভাড়া বৃদ্ধি করলে কিংবা কোনো দোকানদার অতিরিক্ত মুনাফা আদায় করলে সংশ্লিষ্ট থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অথবা তাঁর সঙ্গে যোগাযোগ করতে হবে। বাড়ির মালিকদের উদ্দেশে তিনি বলেন, বাড়ি ভাড়া না বাড়ানোর জন্য অনুরোধ করছি। আপনারা ভাড়া বৃদ্ধি করবেন না।
শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়ে তিনি আরও বলেন, গাজীপুর-১ সংসদীয় এলাকার কালিয়াকৈরে একটি আধুনিক হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। হাসপাতাল নির্মাণের জন্য জায়গা নির্ধারণে বিজিএমইএ ও সরকার কাজ করছে।
এ সময় শ্রমিকদের গুজবে কান না দিয়ে শান্তিপূর্ণভাবে কাজ করার আহ্বান জানান সংসদ সদস্য মজিবুর রহমান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.