যশোর প্রতিনিধি
একসময় পুকুর, দীঘি, খাল আর সবুজে ঘেরা ছিল যশোর। বৃষ্টির পানি জমা হতো জলাধারে, গরমে মানুষ পেত স্বস্তি, অগ্নিকাণ্ডে এসব জলাশয় ছিল পানির অন্যতম উৎস। কিন্তু অপরিকল্পিত নগরায়ণ ও স্থাপনা নির্মাণের চাপে হারিয়ে যাচ্ছে একের পর এক পুকুর ও দীঘি। সরকারি-বেসরকারি বিভিন্ন উদ্যোগে জলাধার ভরাট করে নির্মাণ করা হচ্ছে বহুতল ভবন, বাণিজ্যিক স্থাপনা ও আবাসন প্রকল্প। ফলে বাড়ছে জলাবদ্ধতা, পরিবেশদূষণ ও অগ্নিঝুঁকি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য বলছে, গত এক যুগে যশোর জেলায় পুকুর কমেছে প্রায় ১৫ হাজার।
বিবিএসের যশোর কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০১৪ সালে জেলায় পুকুর ছিল ৫৩ হাজার ৯৪২টি। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ৩৯ হাজার ১২৯টিতে। অর্থাৎ ১২ বছরে পুকুর কমেছে ১৪ হাজার ৮১৩টি।
সরেজমিনে দেখা গেছে, যশোর শহরের নাজির শংকরপুর, চাঁচড়া, আরবপুর, বেজপাড়া, বারান্দিপাড়া ও পুরাতন কসবাসহ বিভিন্ন এলাকায় পুকুর ও জলাশয় ভরাটের প্রবণতা অব্যাহত রয়েছে। কোথাও বহুতল ভবন, কোথাও বাণিজ্যিক স্থাপনা, আবার কোথাও প্লট তৈরি করে বিক্রি করা হচ্ছে জলাধারের জমি।
নাজির শংকরপুরে শহরের নিচু এলাকার একটি বড় পুকুর ভরাট করে সরকারি উদ্যোগে নির্মাণ করা হচ্ছে জাতীয় ডিজাস্টার রিকভারি ডাটা সেন্টার (ডিআরডিসি)। স্থানীয়দের আশঙ্কা, পানি ধারণের অন্যতম উৎস পুকুরটি ভরাট করায় বর্ষা মৌসুমে নাজির শংকরপুর ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা আরও বাড়বে।
নাজির শংকরপুরের প্রবীণ বাসিন্দা মোসলেহ উদ্দিন বলেন, ‘এই পুকুরটি আমাদের এলাকার বৃষ্টির পানি ধারণের অন্যতম জায়গা ছিল। আগে ভারী বৃষ্টি হলেও পানি পুকুরে গিয়ে জমা হতো। সেই পুকুরটি ভরাট করা হয়েছে। সরকারিভাবেই যদি বড় পুকুর ভরাট করে ভবন নির্মাণ করা হয়, তাহলে সাধারণ মানুষকে জলাধার সংরক্ষণের কথা বলে লাভ কী?’
চাঁচড়া এলাকার বাসিন্দা প্রদীপ বিশ্বাস বলেন, ‘গত কয়েক বছরে আমাদের চোখের সামনে এলাকার অন্তত ১৫ থেকে ২০টি পুকুর ভরাট হয়ে গেছে। ড্রেনগুলোও নিয়মিত পরিষ্কার করা হয় না। পুকুর না থাকায় সামান্য বৃষ্টিতেই সড়ক ও বাড়িঘরে পানি জমে। আবার কোথাও আগুন লাগলে আশপাশে পানি পাওয়ারও সমস্যা হয়।’
জনউদ্যোগের তথ্য অনুযায়ী, ২০১৭ সালের স্যাটেলাইট জরিপে যশোর শহরে ২২৮ একর আয়তনের ৫৭২টি পুকুর এবং ৪৪ দশমিক ৫ একর আয়তনের ২৩২টি ডোবার অস্তিত্ব পাওয়া যায়। সংস্থাটির সাম্প্রতিক তথ্যে এসব জলাশয়ের উল্লেখযোগ্য অংশ বিলীন হওয়ার বিষয়টি উঠে এসেছে। হিসাব অনুযায়ী, জরিপে চিহ্নিত জলাশয়ের প্রায় এক-তৃতীয়াংশ হারিয়ে গেছে।
এদিকে, শহরের পানি নিষ্কাশন ও কৃষির জন্য গুরুত্বপূর্ণ হরিণার বিলও পড়েছে ভরাটের হুমকিতে। ৫০৭ হেক্টর আয়তনের এই বিলের প্রায় ৪৮৫ হেক্টর জমি আবাদযোগ্য। স্থানীয়দের অভিযোগ, বিলের বিভিন্ন স্থানে জমি ভরাট করে আবাসন প্রকল্প ও স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এতে স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি কৃষিজমিও কমছে।
জেলা জনউদ্যোগের কর্মকর্তা শ্রাবণী সুর বলেন, বৃষ্টি হলেই যশোর পানিতে ডুবে যাচ্ছে। অথচ জলাধারগুলো একের পর এক ভরাট করা হচ্ছে। শহরের পাশাপাশি উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও জলাশয় ভরাটের প্রবণতা উদ্বেগজনক।
শহরের বিশিষ্ট নাগরিক হারুন অর রশীদ বলেন, ‘ব্রিটিশ আমলে যশোরকে গার্ডেন সিটি বলা হতো। প্রশস্ত রাস্তার দুই পাশে ছিল প্রশস্ত ড্রেন। কিন্তু গত ২০ বছরে প্রথমে ব্যক্তিগত পুকুর ভরাট হয়েছে, এখন সরকারি পুকুর ও প্রাচীন দীঘিও ভরাট করা হচ্ছে। পরিবেশব্যবস্থা ধ্বংস হলে মানুষের বেঁচে থাকার পথই সংকুচিত হবে।’
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যশোর জেলা সভাপতি অধ্যক্ষ পাভেল চৌধুরী বলেন, একটি শহরের পরিবেশের ভারসাম্য রক্ষায় অন্তত ২৫ শতাংশ সবুজায়ন প্রয়োজন। অথচ যশোরে সবুজায়নের পরিমাণ মাত্র ৭ শতাংশ। প্রভাবশালী মহল পেশিশক্তি ব্যবহার করে খাল, নালা, পুকুর, জলাশয় ও নিম্নভূমি দখল-ভরাট করছে। এভাবে যশোর ক্রমেই ইট-পাথরের শহরে পরিণত হচ্ছে।
যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আব্দুস সালাম বলেন, পুকুর, খাল, ডোবা ও নালা ভরাট হয়ে যাওয়ায় অগ্নিকাণ্ডের সময় পানির উৎস খুঁজে পেতে সমস্যা হয়। অনেক ক্ষেত্রে দূরবর্তী উৎস থেকে পানি সংগ্রহ করতে গিয়ে আগুন নিয়ন্ত্রণে বেশি সময় লাগে। এতে প্রাণহানি ও সম্পদের ক্ষতির ঝুঁকি বাড়ে। শহরে পানির রিজার্ভ ব্যবস্থা বাড়ানোর পাশাপাশি বিদ্যমান পুকুর সংরক্ষণ ও সংস্কার করা প্রয়োজন।
প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০ অনুযায়ী, নির্ধারিত জলাধারের শ্রেণি পরিবর্তন করে অন্য কাজে ব্যবহার বা ভরাট করা নিষিদ্ধ। তবে আইন থাকা সত্ত্বেও একের পর এক জলাধার হারিয়ে যাওয়ায় কার্যকর নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে।
জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আতাউর রহমান বলেন, সরকারি নথিতে পুকুর হিসেবে থাকা জলাশয় ভরাটের অভিযোগ পাওয়া গেলে জেলা প্রশাসনের সহযোগিতায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে মামলা ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, জলাশয় ভরাট বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারদের (ভূমি) নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজন হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। অবৈধভাবে জলাশয় ভরাট করে স্থাপনা নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
একসময় পুকুর, দীঘি, খাল ও সবুজের জন্য পরিচিত যশোর এখন ক্রমেই হারাচ্ছে তার প্রাকৃতিক জলাধার। সংশ্লিষ্টদের আশঙ্কা, এভাবে জলাশয় ভরাট অব্যাহত থাকলে ভবিষ্যতে জলাবদ্ধতা, পরিবেশ বিপর্যয় ও অগ্নিঝুঁকি আরও ভয়াবহ হয়ে উঠবে
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.