নওগাঁ প্রতিনিধি
নওগাঁর রাণীনগরে বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার সদর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, রাণীনগর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও পশ্চিম বালুভরা গ্রামের আশরাফ শেখ (৫২) এবং উপজেলা ছাত্রলীগের সহসভাপতি একই গ্রামের মো. রাব্বী হোসেন (২৮)।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার গভীর রাতে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খানপুকুর বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার ২৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮০ জনকে আসামি করে থানায় মামলা করা হয়।
ওসি আরও জানান, ওই মামলার এজাহারভুক্ত আসামি আশরাফ শেখ ও রাব্বী হোসেন। শুক্রবার সকালে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.