গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের দুটি বিদ্যুতের খুঁটি ভেঙে বসতঘরের ওপর উল্টে পড়ে। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার সাউদের খালপাড় ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রীন লাইন ও বরিশাল এক্সপ্রেস পরিবহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বরিশাল এক্সপ্রেস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে আলমগীর হোসেন ও রুবেল সরদারের দুটি বসতঘরের ওপর উল্টে পড়ে। এতে ঘর দুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে দুর্ঘটনার সময় পরিবারের সদস্যরা দ্রুত ঘর থেকে সরে যেতে সক্ষম হওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, বসতঘরের কেউ হতাহত হননি। তবে দুই বাসের চারজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা অন্যান্য আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যান।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তহিদুল ইসলাম জানান, দুর্ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বসতঘরের ওপর থেকে দুর্ঘটনাকবলিত বাসটি সরানোর চেষ্টা চলছে। অপর বাসটি থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.