উজিরপুর (বরিশাল) প্রতিনিধি
বরিশালের উজিরপুরে নিখোঁজের দুই দিন পর মহসিন মল্লিক বাবু (১৬) নামে এক কিশোরের মরদেহ মাছের ঘের থেকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার দক্ষিণ কুড়ালিয়া এলাকায় সড়কসংলগ্ন একটি মাছের ঘের থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মহসিন মল্লিক বাবু উপজেলার জল্লা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মুন্সিতালুক গ্রামের মো. নয়ন মল্লিকের ছেলে। তিনি পেশায় একজন বৈদ্যুতিক মিস্ত্রি ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, গত ২৪ নভেম্বর সোমবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জরুরি কাজের কথা বলে বাড়ি থেকে বের হন বাবু। এরপর আর বাড়িতে ফিরে আসেননি। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে বাবুর মামা শাহিন মল্লিক দক্ষিণ কুড়ালিয়া এলাকায় নাসির মল্লিকের বাড়ির দক্ষিণ পাশে সড়কসংলগ্ন একটি মাছের ঘেরে তাঁর মরদেহ ভাসতে দেখেন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় উজিরপুর মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.