পলাশ (নরসিংদী) প্রতিনিধি
সারা দেশে ভাঙচুর, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে নরসিংদীর পলাশে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করেছে ঘোড়াশাল পৌরসভা মহিলা দল।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে ঘোড়াশাল পৌরসভা মহিলা দলের সভাপতি ও সাবেক কাউন্সিলর শাহানা পারভীনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি ঘোড়াশাল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন ঘোড়াশাল পৌরসভা বিএনপির সহসভাপতি এম এ জামান, সাবেক সহসভাপতি আমজাদ হোসেন, সহসাধারণ সম্পাদক কামরুজ্জামান এবং ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সাবেক সহসভাপতি মো. শফিকুল ইসলাম।
এ সময় পৌরসভা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীসহ ঘোড়াশাল পৌরসভা মহিলা দলের বিভিন্ন ইউনিটের শতাধিক নারী নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে ঘোড়াশাল পৌরসভা মহিলা দলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবেন। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে যেকোনো পরিস্থিতিতে তাঁরা ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.