কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তসহ বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২১ লাখ ৪৮ হাজার ৭০ টাকা মূল্যের ভারতীয় মাদক ও মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুইজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে ৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়কের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে জামালপুর বিওপির একটি টহল দল ভাঙাপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মো. সৌভন মন্ডল (২৮) নামে এক যুবককে ভারতীয় তিন বোতল ফেনসিডিল, ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তিনি দৌলতপুর উপজেলার দৌলতখালী গ্রামের কালু মন্ডলের ছেলে।
একই দিন রাত ৮টা ৩০ মিনিটে রংমহল বিওপির টহল দল রংমহল এলাকায় অভিযান চালিয়ে মো. ইলাহী (৩২) নামে আরেকজনকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ভারতীয় আট বোতল মদ ও সাত হাজার পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি একই এলাকার মো. ইউনুস আলীর ছেলে।
এ ছাড়া রাত ১১টা ৫০ মিনিটে পশ্চিম ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পশ্চিম ধর্মদাহ মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৯ বোতল মদ ও ৬০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করে বিজিবি।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক দুজনের বিরুদ্ধে মামলা করে তাঁদের দৌলতপুর ও গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, পৃথক অভিযানে উদ্ধার করা মাদক ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ২১ লাখ ৪৮ হাজার ৭০ টাকা।
৪৭ বিজিবি জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত টহল জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.