ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে ফসলি জমি ট্রাক্টর দিয়ে চাষাবাদ ও জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় বাধা দিলে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী রকিব মুন্সী। এ ঘটনায় তিনি সখিপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রকিব মুন্সী (৪০) ডিএমখালী ইউনিয়নের মুন্সীকান্দি এলাকার বাসিন্দা। জমিজমা নিয়ে চরচান্দা মুন্সীকান্দি এলাকার অনিক আখন (২৭), সুলতান মুন্সী (৩৮) ও মোবারেক মুন্সী (৫০)সহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের সঙ্গে তাঁর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
রকিব মুন্সীর দাবি, বিরোধীয় জমি নিয়ে ভেদরগঞ্জ সিনিয়র সিভিল জজ আদালতে দেওয়ানি ৩০৮/২৫ নম্বর মামলা চলমান রয়েছে। ওই মামলায় জমির ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে নিষেধাজ্ঞা অমান্য করে গত ২৭ নভেম্বর সকাল ১০টার দিকে বিবাদীরা ট্রাক্টর দিয়ে তাঁর ফসলি জমি চাষ করে দখলের চেষ্টা করেন।
খবর পেয়ে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে অভিযুক্তরা তাঁদের সঙ্গে দুর্ব্যবহার ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় লাঠিসোঁটা নিয়ে মারধরের চেষ্টা এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে এলাকায় শান্তিশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা করছেন তিনি।
অভিযোগপত্রে ভেদরগঞ্জ থানাধীন দিগর মহিষখালী মৌজার বিভিন্ন খতিয়ান ও দাগে মোট ৪ দশমিক ২০ একর জমির বিবরণ উল্লেখ করা হয়েছে। বাদীপক্ষের দাবি, বিরোধীয় জমির একটি অংশ তাঁদের মালিকানাধীন এবং আদালতের নিষেধাজ্ঞার আওতাধীন।
তবে অভিযোগ অস্বীকার করে অনিক আখন বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে আমাদের জমি চাষাবাদ করে আসছি। জমিটি আমাদের। আমরাও মামলা করেছি। কারও জমি দখল করিনি। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে।’
এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসাইন বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভুক্তভোগী রকিব মুন্সী ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.