পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের দেবীগঞ্জে বাড়ির পাশের পুকুরপাড়ে জলপাই কুড়াতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো ওই এলাকার রহমত আলীর মেয়ে রাইসা (৪) এবং তাঁর ভগ্নিপতি মোহাম্মদ আলীর মেয়ে ফারিহা (৩)।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে দুই শিশু বাড়ির বাইরে খেলাধুলা করছিল। একপর্যায়ে তারা বাড়ির পাশের পুকুরপাড়ে জলপাই কুড়াতে যায়। এ সময় পুকুরপাড় পিচ্ছিল থাকায় তারা পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় শিশুদের বাড়িতে ফিরতে না দেখে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে রাইসার মা ফাতেমা আক্তার পুকুরের পানিতে রাইসাকে ভাসতে দেখেন। তাঁর চিৎকারে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এসে প্রথমে রাইসাকে উদ্ধার করেন। পরে একই পুকুর থেকে ফারিহাকেও উদ্ধার করা হয়। দ্রুত তাদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, শিশুদের মরদেহের সুরতহাল শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.