মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দায় ২০২৬-২৭ অর্থবছরের আমন মৌসুমে সরকারি ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার প্রসাদপুর খাদ্যগুদাম চত্বরে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিয়া খাতুন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাবরিন মুস্তারি, নওগাঁ জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোখলেসুর রহমান মকে, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল এবং প্রসাদপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজ বেগম। এ ছাড়া স্থানীয় কৃষক ও চালকল মালিকরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ৩৫ টাকা দরে ৯২৯ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি মিলারদের কাছ থেকে প্রতি কেজি ৪৯ টাকা দরে ১১৩ মেট্রিক টন সেদ্ধ চাল সংগ্রহ করা হবে। আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত এ কার্যক্রম চলবে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, কৃষকের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার সরাসরি ধান ও চাল সংগ্রহ করছে। এ কার্যক্রমে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম সহ্য করা হবে না। প্রকৃত কৃষকরা যাতে সরকারি এ কার্যক্রমের সুফল পান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.