জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের বাজারে উঠতে শুরু করেছে মৌসুমের আগাম জাতের নতুন আলু। তবে সরবরাহ কম থাকায় দাম বেশ চড়া। বর্তমানে প্রতি কেজি নতুন আলু বিক্রি হচ্ছে ১২০ টাকা দরে। অন্যদিকে পুরোনো আলু বিক্রি হচ্ছে মাত্র ২০ টাকা কেজি। অর্থাৎ এক কেজি নতুন আলুর দামে মিলছে ছয় কেজি পুরোনো আলু।
শনিবার (২৮ নভেম্বর) সকালে জয়পুরহাট নতুনহাট বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। নতুন আলুর স্বাদ নিতে কেউ কেউ সামান্য পরিমাণ কিনলেও বেশি দামের কারণে অধিকাংশ ক্রেতাই ঝুঁকছেন পুরোনো আলুর দিকে।
বাজারে সবজির দামে তেমন বড় পরিবর্তন না এলেও কিছু সবজির দাম বেড়েছে। তবে বিভিন্ন ধরনের শাক আগের তুলনায় কম দামে বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা। এদিকে গত সপ্তাহে কিছুটা কমার পর চলতি সপ্তাহে মুরগি ও ডিমের দাম আবারও বেড়েছে।
বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭৫ থেকে ১৮০ টাকা, লেয়ার মুরগি ৩২০ টাকা এবং দেশি মুরগি ৪৫০ থেকে ৫২০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে প্রতি হালি দেশি মুরগির ডিম ৬৫ থেকে ৭০ টাকা, হাঁসের ডিম ৬০ টাকা, ফার্মের লাল ডিম ৪৪ টাকা এবং সাদা ডিম ৪২ টাকা দরে বিক্রি হচ্ছে।
নতুনহাট এলাকার আলু বিক্রেতা আবু জাফর বলেন, ‘নতুন আলু বাজারে আসতে শুরু করেছে। তবে এখনো সরবরাহ তুলনামূলক কম। এ কারণে দাম বেশি। অন্যদিকে পুরোনো আলুর সরবরাহ পর্যাপ্ত থাকায় দাম অনেক কম। নতুন আলুর সরবরাহ বাড়লে দামও কমে আসবে বলে আশা করছি।’
আলু কিনতে আসা ক্রেতা ইকবাল বলেন, ‘নতুন আলু খেতে সবারই ভালো লাগে। কিন্তু দাম বেশি হওয়ায় ইচ্ছা থাকলেও বেশি করে কেনা যাচ্ছে না। এক কেজি নতুন আলুর দাম দিয়ে ছয় কেজি পুরোনো আলু পাওয়া যাচ্ছে। তাই পরিবারের চাহিদা মেটাতে পুরোনো আলুই কিনতে হচ্ছে।’
স্থানীয় ক্রেতারা জানান, নতুন আলুর দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে এলে চাহিদা আরও বাড়বে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য নতুন আলু সহজলভ্য করতে বাজারে সরবরাহ বাড়ানো প্রয়োজন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.