মনিরামপুর (যশোর) প্রতিনিধি
‘নারী-পুরুষ একসঙ্গে গড়ব দেশ, নারী নির্যাতন হবে শেষ’—এ স্লোগান সামনে রেখে যশোরের মনিরামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদ চত্বরে মানববন্ধনের আয়োজন করা হয়। ঢাকাস্থ সুইডেন দূতাবাস ও ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমসের (আইএফইএস) সহযোগিতায় বেসরকারি সংস্থা আরনট এডুকেশন অ্যান্ড গ্রোথ ফাউন্ডেশনের (এইজিএফ) উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন শেষে ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি মনোহরপুর বাজার প্রদক্ষিণ করে মনোহরপুর কারিগরি ও বিজ্ঞান কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে বেলা ১১টায় কলেজের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আরনট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক দিপালি রানী বকসীর সভাপতিত্বে এবং প্রোগ্রাম কো-অর্ডিনেটর উজ্জ্বল কুমার বালার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের সাবেক উপপরিচালক সকিনা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেশবপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রূপালি রাণী, সুজন-সুশাসনের জন্য নাগরিকের মনিরামপুর উপজেলা কমিটির সভাপতি ও আরসিইউ সংস্থার নির্বাহী পরিচালক অধ্যাপক মো. আব্বাস উদ্দীন, মনোহরপুর কারিগরি ও বিজ্ঞান কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. গোলাম সরোয়ার, সহকারী অধ্যাপক তহমিনা বেগম, কুলটিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজনীন নাহার শান্তা, ইউপি সদস্য হাসিনা খাতুন এবং সাংবাদিক জি.এম. ফিরোজ উদ্দিন, বি.এম. জিন্নাত বিশ্বাস ও মো. কামরুজ্জামান সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠা ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। নারী নির্যাতন প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ সময় তাঁরা নারী নির্যাতন বন্ধে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.