ফেনী প্রতিনিধি
ফেনীতে একটি মহিলা মাদ্রাসা ও দুটি ইউনিয়ন ভূমি অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে দাগনভূঞার একটি মহিলা মাদ্রাসার দুটি টিনশেড ঘর, চেয়ার-টেবিলসহ মূল্যবান আসবাবপত্র পুড়ে গেছে। অন্যদিকে, সোনাগাজীর একটি ইউনিয়ন ভূমি অফিসের গেটে থাকা সচেতনতামূলক ব্যানারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (২৮ নভেম্বর) গভীর রাতে জেলার দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনিয়া এবং সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নে এসব ঘটনা ঘটে।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ২টার দিকে সিলোনিয়া উম্মুল মুমিনীন আয়েশা (রা.) মহিলা আলিম মাদ্রাসার দুটি টিনশেড ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। মাদ্রাসার নৈশপ্রহরী শাহজাহান আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
মাদ্রাসা পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম মামুন জানান, আগুনে প্রতিষ্ঠানের চেয়ার-টেবিলসহ মূল্যবান আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
অন্যদিকে, সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের গেটে থাকা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ব্যানারে আগুন দেওয়া হয়। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা মারজান হোসাইন ও সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম জানান, নিরাপত্তাব্যবস্থা থাকার পরও কীভাবে ব্যানারে আগুন দেওয়া হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.