আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজে ১০ দিনব্যাপী কলেজভিত্তিক গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে। রোববার (২৮ নভেম্বর) সকাল ১১টায় কলেজের হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা’ স্লোগানকে সামনে রেখে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। এতে মোট ৮০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে ৪৫ জন ছেলে ও ৩৫ জন মেয়ে।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নওগাঁ জেলা কমান্ড্যান্ট মো. হুমায়ুন কবীর (পিভিএম)।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রে শান্তি, শৃঙ্খলা এবং সার্বিক নিরাপত্তা বজায় রাখতে ভিডিপি সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্ম ও কলেজ শিক্ষার্থীদের এ ধরনের মৌলিক প্রশিক্ষণ আত্মনির্ভরশীল, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে। প্রশিক্ষণার্থীদের নিয়মানুবর্তিতা মেনে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে ও জনকল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বান্দাইখাড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মামুনুর রশীদ সিদ্দীক। এ সময় কলেজের অধ্যাপক এমদাদুল হক দুলু, উম্মে কালিমা, শাহিনসহ স্থানীয় আনসার ও ভিডিপি সদস্য, শিক্ষক এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
১০ দিনব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও জননিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.