কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ জেলা শহরে স্বামীর পরকীয়ায় জড়িত থাকার সন্দেহকে কেন্দ্র করে ঘুমন্ত স্বামীকে বঁটি দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মিলন মিয়া (৬০)। অভিযুক্ত স্ত্রী তাসলিমাকে (৪০) আটক করেছে পুলিশ।
রোববার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে শহরের বড়বাজার মোরগমহল এলাকায় এ ঘটনা ঘটে। আহত মিলন মিয়া ওই এলাকার মেহের আলী ওরফে হাসু ফকিরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামীর পরকীয়া নিয়ে সন্দেহের জেরে দীর্ঘদিন ধরে মিলন মিয়া ও তাঁর স্ত্রী তাসলিমার মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এরই ধারাবাহিকতায় শনিবার রাতেও তাঁদের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। অভিযোগ রয়েছে, ওই বিরোধের জের ধরে রোববার ভোরে স্বামী ঘুমিয়ে থাকা অবস্থায় বঁটি দিয়ে তাঁর গোপনাঙ্গে আঘাত করেন তাসলিমা।
পরে মিলন মিয়ার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে ঘটনার পর অভিযুক্ত স্ত্রী তাসলিমাকে আটক করে পুলিশ।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.