মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে আওয়ামী লীগের ডাকা ধর্মঘটের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামী এবং তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলার প্রবেশদ্বার মধুমতি নদীর ওপর নির্মিত আবুল খায়ের সেতু এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
শনিবার বিকেল থেকে সেতুর মুখে মহাসড়কে অবস্থান নেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তাঁরা ধর্মঘটবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং দফায় দফায় বিক্ষোভ মিছিল করেন।
এদিকে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপালগঞ্জ থেকে আওয়ামী লীগের একটি মশাল মিছিল আবুল খায়ের সেতু হয়ে মোল্লাহাটে প্রবেশের চেষ্টা করে। এ সময় বিএনপির অবস্থানকারীদের সঙ্গে মিছিলকারীদের অল্প সময়ের সংঘর্ষ হয়। একপর্যায়ে মিছিলটি পিছু হটে যায়। এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার পর সেতু এলাকায় বিএনপি নেতাকর্মীদের অবস্থান আরও জোরালো হয়।
অন্যদিকে, আওয়ামী লীগের ডাকা ধর্মঘটের প্রতিবাদে রোববার (২৯ নভেম্বর) দুপুর ১টার দিকে আবুল খায়ের সেতু ও সংলগ্ন সড়কে বিক্ষোভ মিছিল করে উপজেলা জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মিছিলে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. হেদায়েত উল্যাহ। এতে উপজেলা জামায়াত ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি সেতু এলাকা প্রদক্ষিণ করে। এ সময় তাঁরা আওয়ামী লীগের ঘোষিত ধর্মঘটের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
ধর্মঘটকে কেন্দ্র করে মোল্লাহাটের গুরুত্বপূর্ণ প্রবেশপথ আবুল খায়ের সেতু এলাকায় বিএনপি ও জামায়াতের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তেজনা বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.