নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৭ সালের মুদ্রিত ক্যালেন্ডারে রাজনৈতিক সম্পৃক্ততা-সংক্রান্ত অনাকাঙ্ক্ষিত ভুলের ঘটনায় পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে একজনকে চাকরি থেকে বরখাস্ত এবং একজনের চুক্তিভিত্তিক নিয়োগ প্রত্যাহার করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পর এ ব্যবস্থা নেওয়া হয়। দায়িত্বে অবহেলার অভিযোগে জনসংযোগ দপ্তরের উপপরিচালক মো. রাশেদুল ইসলামকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কমিউনিকেশনস এক্সপার্টের নিয়োগ প্রত্যাহার করা হয়েছে।
এ ছাড়া জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনিম সিরাজ, উপপরিচালক আতিকুর রহমান হেলাল ও উপপরিচালক মো. কামরুল হাসানকে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে রেজিস্ট্রার দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ২০২৭ সালের ক্যালেন্ডারের সব ধরনের উৎপাদন ও মুদ্রণ কার্যক্রম অবিলম্বে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে ইতোমধ্যে বিতরণ করা ক্যালেন্ডারগুলো প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে।
কীভাবে এবং কার অবহেলায় এ ভুল হয়েছে, তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তদন্তের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সেকশন অফিসার মো. মহিউদ্দিন মাহী এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.