জেলা প্রতিনিধি, গোপালগঞ্জঃ
গোপালগঞ্জে মাইক্রোবাসও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) সকাল আনুমানিক দশটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানি উপজেলার মাজরা কায়েস চেয়ারম্যানের ইটের ভাটা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- খুলনা বয়রা থানার হাউজিং এস্টেট মোড় এলাকার আব্দুর রহমানের ছেলে মোঃ আব্দুর রহিম মাসুম এবং খুলনার মুজগুন্নি এলাকার আশিকুল ইসলাম। দুর্ঘটনায় নিহত মোঃ আব্দুর রহিম মাসুম ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের মিরপুর শাখার কম্পিউটার সাইন্স এন্ড ই›িজনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় প্রতক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, বেপরোয়া গতিতে আসা ঢাকাগামী একটি মাইক্রোবাস( চট্টমেট্রো-হ-১১০৬৬৫) বিপরীত দিক থেকে আসা খুলনাগামী মোটরসাইকেলটিকে (ঢাকা মেট্টো-ল- ৫৭৪৬২৪) মুখোমুখি আঘাত করে এবং মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে পাশ দিয়ে যাওয়া অপর একটি ট্রাকের সাথে সংঘর্ষ করে। এতে মোটরসাইকেল চালক মাসুম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরে স্থানীয়রা কাশিয়ানি থানায় খবর দিলে নিহতের সাথে থাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র ও জাতীয় পরিচয় পত্র উদ্ধার করে তাদের পরিচয় নিশ্চিত করে পুলিশ। এসসয় ঘটনাস্থল থেকে নিহত মাসুম ও গুরুতর আহত অবস্থায় আশিকুল কে উদ্ধার করে কাশিয়ানি ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে দুপুর আনুমানিক সাড়ে বারোটার দিকে চিকিৎসাধীন অবস্থায় আশিকুল ইসলামের ও মৃত্যু ঘটে।
বিষয়টি নিশ্চিত করে কাশিয়ানি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ফিরোজ আলম নবধারা কে বলেন, মাইক্রোবাস টি বেপরোয়া ভাবে এসে মোটরসাইকেলটিকে চাপা দেয় এবং চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।
তিনি আরো জানান, দুর্ঘটনাগ্রস্থ মাইক্রোবাস ও মোটরসাইকেলটি বর্তমানে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির হেফাজতে রয়েছে। এছাড়া নিহতদের পরিবার থেকে অভিযোগ করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।

