গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাটগাতী শেখ লুৎফর রহমান সেতুর উপরে বাসের ধাক্কায় ভ্যান যাত্রী নিহত হয়েছেন।
জানা যায়, ভাইয়ের বিয়েতে বরযাত্রী হতে শ্বশুরবাড়ি থেকে ভ্যানে করে বাবার বাড়িতে যাচ্ছিলেন প্রমিলা রায় (৩৫)।
পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমফোর্ট লাইন নামের একটি বাসের ধাক্কায় ভ্যান থেকে ছিটকে পড়ে মারা যান তিনি।
শুক্রবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার শেখ লুৎফর রহমান সেতুর উপর এ দুর্ঘটনাটি ঘটে। এতে প্রমিলা রায়ের স্বামী প্রভাষ রায় (৪০), শ্বশুর মন্মথ রায় (৭০) ও ছেলে আহত হয়।
এদের মধ্যে প্রমিলার স্বামী প্রভাষ রায়ের অবস্থা আশঙ্কাজনক। তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া প্রমীলা রায়ের শ্বশুর ও ছেলে টুঙ্গিপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. দিবাকর বিশ্বাস ও থানার পরিদর্শক (তদন্ত) তন্ময় মন্ডল এসব তথ্য নিশ্চিত করেন।
টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) তন্ময় মন্ডল জানান, ভাইয়ের বিয়েতে বরযাত্রী হতে চিতলমারী উপজেলার আশাবুনিয়া গ্রাম থেকে ভ্যানে করে শ্বশুর, স্বামী ও ছেলেকে নিয়ে টুঙ্গিপাড়া উপজেলার কাকইবুনিয়া গ্রামে যাচ্ছিলেন প্রমিলা রায়। তাদের ভ্যানটি শেখ লুৎফর রহমান সেতুর উপর উঠলে পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমফোর্ট লাইনের একটি বাস পিছন থেকে ধাক্কা দেয়। তখন ভ্যান থেকে সবাই ছিটকে পড়েন। ব্রিজের পিলারের সাথে মাথায় আঘাত লেগে প্রমিলা ঘটনা স্থলেই মারা যান।
এরপর পুলিশ ও এলাকাবাসী আহত ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক প্রমিলার স্বামীকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে রেফার করেন। এছাড়া বাকি দুজন টুঙ্গিপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই প্রমিলার লাশ স্বজনদের তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তন্ময় মন্ডল।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.