গোপালগঞ্জের মুকসুদপুরে মসজিদের ইমাম ওয়াদুদ খান ওরফে জিন্নাত খান হত্যা মামলায় তিন আসামীকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ এবং অপর দুই আসামীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত।এছাড়া এ মামলার অপর ১২ আসামীকে খালাস দেয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে আসামীদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন গোপালগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচার মোঃ আব্বাস উদ্দীন।
মামলার বিবরণে জানাগেছে, বিগত ২০১৬ সালের ৮ জুলাই সকালে মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের চাওচা পূর্বপাড়া গ্রামের মসজিদের ইমাম ওয়াদুদ খান ওরফে জিন্নাত খান তার বাড়ির পাশের পুকুরে মাছ ধরছিলেন।
এসময় সাজাপ্রাপ্ত আসামীরা পুকুরের মালিকানা দাবি করে মাছ শিকারে বাঁধা দিলে বাকবিতন্ডা হলে আসামীরা তাকে কুপিয়ে এবং পিটিয়ে মারাত্মক জখম করে। পরে তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ছেলে মোঃ আলীম খান বাদী হয়ে ১৭ জনকে আসামী করে মুকসুদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানীর পর আজ বুধবার দুপুরে ওই মামলার আসামী হায়দার মোল্যা, ইউনুস মোল্যা, ও হিটলার মোল্যাকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অপর আসামী আক্তার মোল্যাকে এক বছর ও সাগর মোল্যাকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান এবং অপর ১২ আসামীকে খালাসের আদেশ দেন আদালত।
বাদীপক্ষের মামলা পরিচালনাকারী এপিপি এ্যাডভোকেট মোঃ শহিদুজ্জামান খান এবং আসামী পক্ষের মামলা পরিচালনা এ্যাডভোকেট ফজলুল হক খান খোকন ও মোঃ আবু তালেব শেখ এ তথ্য নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.