গোপালগঞ্জে চাঞ্চল্যকর বিশ্ববিদ্যালয় ছাত্রীকে দলবদ্ধ ধর্ষনের অভিযোগে ৮জনকে অভিযুক্ত করে আদালতে চার্জসীট জমা দিয়েছে পুলিশ।
আজ বৃহস্পতিবার বিকেলে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, গোপালগঞ্জ সদর আমলী আদালতে এই চার্জসীট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের পরিদর্শক শীতল চন্দ্র পাল।
চার্জসীট ভুক্ত আসামীরা হলো-রাকিব মিয়া, মোঃ হেলাল, প্রদীপ বিশ্বাস, নাহিদ রায়হান, তুর্য মন্ডল, পিয়াস ফকির, জীবন জমাদ্দার ও ফরিদ শেখ।
দুই জনের বিরুদ্ধে সাক্ষ্য প্রমানাদি না পাওয়ায় তাদেরকে চার্জসীট থেকে বাদ দেয়া হয়েছে বলে চার্জশীটে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, বিগত ২৩ ফেব্রুয়ারী রাত ৯টা ৫০ মিনিটের দিকে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ও আরেক ছাত্র শহরের নবীনবাগে বাসায় ফেরার পথে স্থানীয় হেলিপ্যাডের কাছ থেকে আসামীরা জোর করে পাশের একটি নির্মানাধীন ভবনের মধ্যে নিয়ে গিয়ে সেখানে দলবদ্ধ ধর্ষন করে।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় এলাকাসহ আশ-পাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা ক্ষোভে ফেঁটে পড়ে এবং তা ব্যাপক আন্দোলনে রুপ নেয়।দীর্ঘদিন সে আন্দোলন অব্যাহত থাকে।
আসামীরা ধরা পড়ার পর এবং আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাসের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শান্ত হয়।
মামলার বাদী ও বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর ড. রাজিউর রহমান নবধারা কে বলেন, যেহেতু ডিএনএ টেষ্ট করে আসামীদেরকে সনাক্ত করে চার্জশীট দেয়া হয়েছে এবং এ পর্যন্ত ভিকটিমও কোন কথা এখনো বলেনি তাই আপাতত বিষয়টি আমরা মেনে নিয়েছি। ভিকটিম যদি কোন অভিযোগ করেন তাহলে আমরা পরবর্তী আইনি ব্যাবস্থার দিকে এগুবো।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.