বাগেরহাটের মোড়েলগঞ্জে বিশ্বকাপ ফুটবলের ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচ চলাকালে আর্জেন্টিনার এক সমর্থকের ছুরিকাঘাতে টুটুল হাওলাদার (১৪) নামে ব্রাজিলের এক সমর্থক নিহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে দশটার দিকে ঘটনাটি ঘটেছে মোড়েলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালি গ্রামে। নিহত ব্রাজিল-সমর্থক টুটুল হাওলাদার গুলিশাখালি গ্রামের আব্দুল বারেক হাওলাদারের ছেলে। নিহত টুটুল হাওলাদারের মরদেহ রাত দেড়টার দিকে মোড়েলগঞ্জ উপজেলা হাসপাতাল থেকে পুলিশ তাদের হেফাজতে নিয়েছে।
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান রাতে জানান। বিশ্বকাপ ফুটবলে শুক্রবার রাতে ব্রাজিল- ক্রোয়েশিয়ার কোয়াটার ফাইনাল ম্যাচ চলাকালে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালি গ্রামে আর্জেন্টিনার এক সমর্থকের সাথে ব্রাজিল সমর্থক টুটুল হাওলাদারের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাত সাড়ে দশটার দিকে আর্জেন্টিনার ওই সমর্থক টুটুল হাওলাদারকে ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতে টুটুল হাওলাদার গুরুতর আহত হলে তাকে দ্রুত মোড়েলগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রায়হানা ফেরদৌসী দোলা গুরুতর আহত টুটুল হাওলাদারকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনার খবর পেয়ে পুলিশ মোড়েলগঞ্জ হাসপাতালে গিয়ে নিহত টুটুল হাওলাদারের মরদেহ থানায় নিয়ে আসে। ব্রাজিল সমর্থক ছুরিকাঘাকে নিহতের ঘটনার পর অপ্রীতিকর ঘটনা এড়াতে গুলিশাখালি এলাকায় রাতেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আর্জেন্টিনার ওই সমর্থককে গ্রেফতারের পুলিশ অভিযান শুরু হয়েছে বলেও জানান মোড়েলগঞ্জ থানার ওসি।
মোড়েলগঞ্জ উপজেলা হাসপাতালের চিকিৎসক ডা. রায়হানা ফেরদৌসী দোলা নবধারাকে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ছরিকাঘাতে গুরুতর আহত টুটুল হাওলাদারের ক্ষতস্থান থেকে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

