বাগেরহাটে ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানার পাশাপাশি ভবিষ্যতের জন্য সতর্ক করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাগেরহাট জেলা কার্যালয়। ২১ সেপ্টেম্বর সকালে বাগেরহাটের মিঠাপুকুর পাড় ও নাগেরবাজার এলাকায় অভিযান পরিচালনাকালে মূল্য তালিকা না থাকা ও ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয় এবং নারকেল তেলের সঙ্গে সুপার তেল মিশিয়ে বিক্রয়ের অপরাধে পৃথক ৩টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৪৩ ধারায় মোট ১৩,০০০/- টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা কালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলি স্বেচ্ছায় পরিশোধ করেন।অভিযুক্ত প্রতিষ্ঠানসমুহ পুনরায় এই ধরনের অনিয়ম যাতে না করে সে বিষয়ে সতর্ক করা হয়।
এ সময়ে তারা ভবিষ্যতে এ ধরনের বে আইনী কার্যক্রম থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে উক্ত এলাকার অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শনের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।
অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য/ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশ দেন । অভিযানে নিরাপদ খাদ্য পরিদর্শক এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.