শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের সদর উপজেলার গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীরা ১০ কিলোমিটার সাইকেল শোভাযাত্রা করে গ্রামের মানুষকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে নববর্ষকে বরণ করলো। সাইকেল শোভাযাত্রার ফাঁকে ফাঁকে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শিক্ষার্থীরা বর্ষবরণের গান ও পরিবেশন করেন। ব্যতিক্রমধর্মী এই বর্ষবরণ অনুষ্ঠানে এলাকার মানুষের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (১৪এপ্রিল) সকালে সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে তিন শতাধিক শিক্ষার্থীরা নববর্ষের পোশাকে সজ্জিত হয়ে সাইকেল শোভাযাত্রা বের করে। কৃষক, শ্রমিক, বাউলসহ নানা সাজে সজ্জিত ও আল্পনা এঁকে শিক্ষার্থীরা সাইকেল শোভাযাত্রাতে অংশ নেয়। এসময় শিক্ষার্থীদের হাতে ছিলো বর্ষবরণের প্ল্যাকার্ড ও ফেস্টুন। সাইকেল শোভাযাত্রা চলাকালে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা শত শত সাধারণ মানুষ হাত নেড়ে শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান ও উৎসাহ জানান।
শিক্ষার্থীরাও সাইকেল থেকে হাত নাড়িয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে শুভেচ্ছা জানান। বিদ্যালয়ের শিক্ষার্থী পুষ্পিতা ভৌমিক বলেন, বাঙালি জীবনে খুবই একটা আনন্দের দিন হলো পহেলা বৈশাখ। আমরা বাঙালি। তাই বাংলা বছরকে আমরা প্রতিবছরই উৎসব মুখর পরিবেশে বরণ করে থাকি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডল বলেন,গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীদের নিয়ে আমরা সাইকেল শোভাযাত্রা সহকারে গ্রামে গ্রামে গিয়েছি এবং বাংলা নববর্ষের শুভেচ্ছা বার্তা পৌছে দিয়েছি। আগামীতেও ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন থাকবে বলে আশা করি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.