প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৬, ৮:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১, ২০২৪, ৪:৩০ অপরাহ্ণ
শিক্ষার্থীদের ৬৫ লাখ টাকা বৃত্তি দিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

আব্দুল্লাহ আল আফনান, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবির স্নাতক ও স্নাতকোত্তরে অধ্যয়নরত ১ হাজার ৭৬১ জন শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মেধা ও অবৈতনিক এই দুই ক্যাটাগরিতে মোট ৬৫ লাখ ২৬ হাজার টাকার বৃত্তি দেওয়া হয়েছে।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে এসব তথ্য জানা যায়।
২০২৩-২৪ অর্থবছরে ৬০৫ জন মেধাবৃত্তি এবং ১ হাজার ১৫৬ জন অবৈতনিক বৃত্তি পেয়েছেন। মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা প্রতি মাসে ৭৭৫ টাকা হারে বছরে (এককালীন) ৯ হাজার ৩০০ টাকা পাবেন। অর্থাৎ ৬০৫ জন শিক্ষার্থীকে মোট ৫৬ লাখ ২৬ হাজার ৫০০ টাকার শিক্ষাবৃত্তি দেয়া হয়েছে। এই ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা দুইটি সেমিস্টার বিনা বেতনে অধ্যয়নের সুযোগ পাবেন। অবৈতনিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরাও দুইটি সেমিস্টার বিনা বেতনে অধ্যয়নের সুযোগ পাবেন। অপরদিকে, প্রতিরক্ষা বৃত্তি রোভার স্কাউটস, বিএনসিসি ও রেঞ্জার ইউনিট থেকে মোট ২৫০ জন শিক্ষার্থীকে প্রদান করা হয়েছে। এর মধ্যে রোভার স্কাউটসের ১০০,বিএনসিসি’র ১০০ এবং রেঞ্জার ইউনিটের ৫০ জন বৃত্তি পেয়েছেন। এই বৃত্তির আওতায় সংশ্লিষ্ট শিক্ষার্থীরা প্রতি মাসে ৩০০ টাকা করে বছরে (এককালীন) ৩ হাজার ৬০০ টাকা পাবেন। অর্থাৎ উক্ত ২৫০ জনকে মোট ৯ লাখ টাকার শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে বৃত্তি বাবদ মোট বাজেট ছিল ৬৫ লাখ ৭০ হাজার টাকা। অবশিষ্ট থাকা টাকা অস্বচ্ছল শিক্ষার্থীদের আবেদন সাপেক্ষে বৃত্তি হিসেবে প্রদান করা হবে অথবা পরবর্তী বছর সমন্বয় করা হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চেষ্টা করে যাচ্ছে শিক্ষার্থীদের সাহায্য করার জন্য। তার ধারাবাহিকতায় এবারও আগের চেয়ে বেশি পরিমাণ বৃত্তি প্রদান করা হয়েছে। জবি উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, এবার বৃত্তির ক্ষেত্রে বাজেটের পরিমাণ বাড়ানো হয়েছে। শিক্ষার্থীদেরকে কিভাবে আরও সহায়তা করা যায় সে বিষয়ে পরিকল্পনা করা হচ্ছে।
প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের জন্য মেধা ও অবৈতনিক বৃত্তি চালু করে কর্তৃপক্ষ। গত বছর ৫৯৪ জন মেধাবৃত্তি এবং ১ হাজার ৮২জন শিক্ষার্থী অবৈতনিক বৃত্তি পান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.