মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া, নড়াইলঃ
নড়াইলের নড়াগাতী থানার মহাজন বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রিপন মোল্যা (২৭) নামে এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় প্রতিপক্ষের ১০ জনসহ অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে নড়াগাতী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আহতের ভাই জুলফিকার মোল্যা। আহত রিপন কাঠাদুরা গ্রামের মৃত বালাম মোল্যার ছেলে।
অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ৭ জুন ফুটবল খেলাকে কেন্দ্র করে ভুক্তভোগীর ভাতিজা জামাল মোল্যার ছেলে রহমত মোল্যার সাথে কথা কাটাকাটি হয় প্রতিপক্ষের সোনা মোল্যার ছেলে সাজ্জাদ মোল্যার। এরই ধারাবাহিকতায় পূর্ব শত্রুতার জেরে ৮ জুন সকাল সাড়ে ৯ টার দিকে রিপন মোল্যা মহাজন বাজারে মোবাইল রিচার্জ করতে আসলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা কলাগাছি গ্রামের সোনা মোল্যার ছেলে সাজ্জাদ মোল্যা (২৮), সুজাত মোল্যা (২৭), সবুজ মোল্যা (২৫), শামীম মোল্যা (২৩), টিপু মোল্যার ছেলে সোহেল মোল্যা (২৫), বাবুল মোল্যার ছেলে রকি মোল্যা (২৫), কাবুল মোল্যার ছেলে মারুফ মোল্যা (২২), পিতা-কাবুল মোল্যা, মৃত হাসেম মোল্যার ছেলে মনা মোল্যা (৫৪), সোনা মোল্যা (৫২) ও টিপু মোল্যা (৫৬) সহ অজ্ঞাত আরো ৭/৮ জন দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে এলোপাতাড়ি মারপিট করে গুরুতর আহত করে হত্যার হুমকি দিয়ে চলে যায়। অতঃপর স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করেন। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেছেন ভুক্তভোগী পরিবার।
ঘটনাস্থলে থাকা দোকানদার এনামুল গাজী ও সোহেল মোল্যা জানান, ঘটনার দিন পৌনে ১০ টার দিকে সাজ্জাদ মোল্যাসহ ৭/৮ জন লোক হঠাৎ রিপনকে হামলা করে আহত করে। আমরাও ঠেকাতে গিয়ে সামান্য আহত হয়েছি। উভয়ের মধ্যে হয়ত পূর্বের কোন শত্রুতা আছে বলে মনে হয়।
এ বিষয়ে টিপু মোল্যার বাড়ীতে গিয়ে অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি এবং অভিযুক্ত সোনা মোল্যার বাড়ীতে গেলে তার ছেলে শামিম মোল্যা জানায়, মহাজন বাজারে আমার বাবাকে রিপন মোল্যা মারপিট করেছে জানতে পেরে আমরাও মারপিট করেছি।
এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.