নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রতিপক্ষের প্রাইভেটকার পোড়ানো ও চাঁদাবাজি মামলায় সিঙ্গাশোলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখ এবং তার সহযোগী আব্দুর রাজ্জাকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১০জুন) দুপুরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা নড়াইল সদর থানার এসআই মেহেদী হাসান আদালতে তাদের বিরুদ্ধে তিন দিনের রিমান্ড চাইলে আদালত তা দুইদিনের জন্য মঞ্জুর করেন। উল্লেখ্য গত ২১ মে অনুষ্ঠিত নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতার জের ধরে গত ২ জুন রাত ১২টার দিকে সিঙ্গাশোলপুর ইউনিয়নের গোবরা গ্রামে নিউটন গাজীর প্রাইভেটকার পুড়িয়ে দেয় সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখের নেতৃত্বে সংঘবদ্ধ লোকজন। গাড়ির পোড়ানোর পাশাপাশি নিউটনের ঘরের আসবাবপত্র ভাঙচুরসহ প্রায় এক ভরি স্বর্ণালংকার এবং প্রায় এক লাখ টাকা লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া নিউটন গাজীর বয়োবৃদ্ধ বাবা আবুল হোসেন গাজী স্ত্রী নাসরিন আক্তার, শিশুপুত্র সাব্বির গাজী ও ছয়মাস বয়সী আরাব এবং প্রতিবেশি মোহাম্মদ লিটনকে মারপিট করে আহত করা হয়েছে।
এ ঘটনায় উজ্জ্বল শেখকে প্রধান আসামি করে গত ৩ জুন সদর থানায় ১৫ জনের নামে মামলা দায়ের করেন নিউটন গাজী। মামলার পরদিন উজ্জ্বল শেখ ও আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে সদর থানা পুলিশ। এদিকে, উজ্জ্বল শেখের মুক্তির দাবিতে সোমবার দুপুরে আদালত চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন তার সমর্থকরা। তারা বলেন,উজ্জ্বল শেখের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দেয়া হয়েছে। আমরা উজ্জ্বল শেখের মুক্তি চাই।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.