ঘন কুয়াশার মধ্যে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বেশ কয়েকটি যানবাহনের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন।
রোববার ভোর থেকে সকাল পর্যন্ত এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনের চালতিপাড়া, নিমতলা, হাঁসাড়া ও ষোলঘরে এসব দুর্ঘটনা ঘটে।
এসব দুর্ঘটনায় যাত্রীবাহী বাস, প্রাইভেট কার, মাইক্রোবাস, কভার্ড ভ্যানসহ মোট ১২টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন।
নিহত ব্যক্তির নাম মো. ফরহাদ (৪০)। তিনি ফরিদপুরের চরদোয়ার গ্রামের নুরু মুন্সীর ছেলে।
আহতরা হলেন- ভোলার রশিদ (৫৫), চরফ্যাশনের ইকরাম (৩৫), ভাঙ্গার তালেব (৪০), পটুয়াখালীর নুরু (৫০), বরগুনার আলতাফ (৪১), ঝালকাঠির একলাছ (৫৫), মেহেন্দিগঞ্জের শংকর (৪৫), বানারীপাড়ার লিখিল (৪০), বাবুগঞ্জের সবেত (৫০), উজিরপুরের শিতুল (৩৫), পিরোজপুরের মুহিত (৩৭) ও নোয়াখালীর জাকির (৩২)।
হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিয়নের পুলিশ সুপার আখতারুজ্জামান বসুনিয়া জানান, শনিবার রাত সাড়ে ৩টার দিকে চালতিপাড়া এলাকায় প্রথম দুর্ঘটনা ঘটে।
“সাড়ে ৩টার দিকে একটি প্রাইভেট কারকে পেছন থেকে ধাক্কা দেয় একটি কর্ভাড ভ্যান। ঘন কুয়াশার মধ্যে ভোর সাড়ে ৬টার দিকে ওই লেইন দিয়ে যাওয়ার সময় একটি মাইক্রোবাস আগের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কভার্ড ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়।
“এরপর পেছন থেকে একের পর তিনটি যাত্রীবাহী বাস পরস্পরকে ধাক্কা দেয়।"
খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাইওয়ে পুলিশ। আহত কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। একজন মাইক্রোবাস চালককে শ্রীনগর হাসপাতালে পাঠানো হয়।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ক্যামেলিয়া সরকার জানান, ফরহাদকে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, সকালে ঘন কুয়াশার কারণে মাওয়ামুখী সড়কের পাঁচ স্থানে দুর্ঘটনা ঘটে। এর মধ্যে চালতিপাড়া ১০০ গজের মধ্যে দুইটি, নিমতলায় একটি, হাঁসাড়া এলাকায় একটি দুর্ঘটনা ঘটে।
অপরদিকে ষোলঘরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দ্বীপের ওপরে উঠে থাকতে দেখা যায়।
এছাড়া দুপুর সাড়ে ১২টার দিকে ষোলঘরের কেয়টখালীতে মাওয়ামুখী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের সার্ভিস লেনে রেলিংয়ের ওপর উঠে যায়। সেখানে উদ্ধার কর্মী পাঠানো হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুর কাদের জিলানী জানান, নিহতের লাশ হাসপাতাল থেকে নিয়ে গেছেন স্বজনরা। বিভিন্ন গাড়ি চালকসহ পাঁচ-ছয় জন আহত ব্যক্তিকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনা কবলিত গাড়িগুলো রেকার দিয়ে সরানো হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এসব ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.