জেলা প্রতিনিধি,মাদারীপুর
মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে স্রোতের টানে তলিয়ে গেছে জান্নাতুল আক্তার (১৬) নামে এক কিশোরী।
শনিবার (৩ মে) বিকেলে উপজেলার চরশ্যামাইল এলাকায় এ ঘটনা ঘটে। রাত সাড়ে ৯টা পর্যন্ত ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার চেষ্টা চালিয়ে গেলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
জান্নাতুল আক্তার শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের কাঁচিকাটা এলাকার প্রবাসী গনি ফকিরের মেয়ে। তিনি স্থানীয় একটি মাদ্রাসায় হেফজ বিভাগের ছাত্রী ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ফুপুর বাড়িতে বেড়াতে যায় জান্নাতুল। শনিবার দুপুরে ফুপাতো বোন তাবাসসুমকে (৭) নিয়ে নদীতে গোসল করতে যায়। সাঁতার না জানায় পাড়েই গোসল করছিল জান্নাতুল। একপর্যায়ে নদীর ঢেউ ও স্রোতের টানে তারা দুজনই ভেসে যায়। ছোট বোন তাবাসসুম জান্নাতুলকে ধরে রাখতে চেষ্টা করলেও পারেনি। পরে তাবাসসুম বাড়িতে গিয়ে পরিবারের লোকজনকে জানালে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম শুরু করে।
স্থানীয় বাসিন্দা কালু সরদার বলেন, তাবাসসুম এসে জানায় জান্নাতুলকে স্রোত টেনে নিয়ে গেছে। সে ধরে রেখেছিল, কিন্তু শেষ পর্যন্ত পারেনি।
মাদারীপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মো. লিয়াকত হোসেন বলেন, বিকেল ৪টা থেকে আমরা উদ্ধার অভিযান শুরু করি। নদীতে প্রচণ্ড স্রোত থাকায় কাজটি কঠিন হয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে, স্রোতের টানে মেয়েটি অনেক দূরে চলে গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.