নওগাঁ প্রতিনিধি
নওগাঁ জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের লিফটের ফাঁকা জায়গা থেকে দেলোয়ার হোসেন (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর আড়াইটার দিকে শহরের সরিষাহাটির মোড় এলাকার সাততলা ভবন থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত দেলোয়ার হোসেন নওগাঁ সদর উপজেলার শহীদুলের মোড় এলাকার মছির উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে হঠাৎ বিকট শব্দ শুনে তাঁরা ঘটনাস্থলে গিয়ে দেখেন একজন ব্যক্তি রক্তাক্ত অবস্থায় লিফটের ফাঁকা জায়গায় পড়ে আছেন। তাৎক্ষণিকভাবে তারা থানা পুলিশে সংবাদ দিলে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
সাইফুল ইসলাম নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, “গত ৫ আগস্ট এই ভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের পর থেকে এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এখানে সাধারণত কেউ আসে না। দুপুরে হঠাৎ বিকট শব্দ শুনে ভিতরে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় একজন পড়ে আছে।
নওগাঁ সদর মডেল থানার অঅফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবক ভবনটির লিফটের তার অথবা রেলিংয়ের ধাতব বস্তু চুরি করতে গিয়েছিলেন। সাত তলায় উঠে অসতর্কতা বশত নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয়দের মাধ্যমে ঘটনাটি জানার পর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.