এম এ ফয়সাল, সাতক্ষীরা
সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর ত্রিমোহনী খেয়াঘাটের দক্ষিণ পাশে খোলপেটুয়া নদীর চরের একটি কেওড়া বাগান থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার (২৯ জুন) সকাল পৌনে দশটার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে আশাশুনি থানায় খবর দেয়।
মৃত ব্যক্তির পরনে ছিল লুঙ্গি ও লাল রঙের চেক শার্ট, এবং তার গলায় একটি তুলসীর মালা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তার গলায় পেঁচানো একটি নেট কেওড়া গাছের ডালের সাথে আটকে ছিল।
প্রত্যক্ষদর্শী প্রতাপনগর আবাসনের বাসিন্দা আব্দুল মজিদ সরদারের ছেলে মিলন জানান, তিনি কাঁকড়া ধরার জন্য খোলপেটুয়া নদীর দিকে যাচ্ছিলেন। সকাল পৌনে দশটার দিকে কল্যাণপুর ত্রিমোহনী খেয়াঘাটের দক্ষিণ পাশে কেওড়া বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি বাগানের ভেতরে এক ব্যক্তির ঝুলন্ত পা দেখতে পান। এরপর তিনি বেড়িবাঁধে ফিরে এসে স্থানীয়দের বিষয়টি জানান এবং পরবর্তীতে আশাশুনি থানা পুলিশকে অবহিত করা হয়।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি নদীর জোয়ারের পানিতে ভেসে এসে কেওড়া বাগানের সাথে আটকে গেছে। পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল ওদুদ ঘটনাস্থলে গেছেন এবং বিস্তারিত তদন্তের পর আরও তথ্য জানা যাবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.