সুজন হোসেন রিফাত, রাজৈর প্রতিনিধি
মাদারীপুরের রাজৈরে ইতালি ফেরত প্রবাসী হালিম খান হত্যার প্রতিবাদে থানার সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ সেতু এলাকা থেকে মিছিল নিয়ে রাজৈর থানা অভিমুখে আসেন কয়েক শতাধিক লোক।
বিক্ষুব্ধ জনতা থানার মূল ফটকে গিয়ে তালা খুলে প্রবেশের চেষ্টা করলে পুলিশ সদস্যরা বাধা দেন। পরে রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাসুদ খান উপস্থিত হয়ে তাদের শান্ত করেন এবং দ্রুত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দেন। এরপর বিক্ষোভকারীরা সান্ত হন এবং থানা চত্বর ত্যাগ করেন।
এ সময় বিক্ষোভে অংশ নেন নিহত হালিম খানের মেয়ে হিমু আক্তার, ছেলে হাছিব খান, বোন রাশিদা বেগম, জুলেখা বেগম, পারভীন বেগম, বোনজামাই আলি রাজ, ভাবী রিনা আক্তার, হাজি জাফর শেখ, সজী বেগমসহ আরও অনেকে।
এর আগে গত ২৪ জুন মঙ্গলবার রাত ৪টার দিকে রাজৈরের নগরগোয়ালদির বাসিন্দা ও ইতালি প্রবাসী হালিম খানকে তার দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে যান। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হালিমের পরিবারের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে রাজৈর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত সবুজ ও আরিফা নামের দু’জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া হত্যাকাণ্ডকে কেন্দ্র করে পাল্টাপাল্টি দুটি মামলাও হয়েছে এবং একটি ঘরবাড়ি পোড়ানোর ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
স্থানীয়দের দাবি, দ্রুত বাকি আসামিদের গ্রেপ্তার করে হালিম হত্যার বিচার নিশ্চিত করতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.