মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের কাচিনিয়া বাজারে বিএনপির শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪০ জন নেতাকর্মী আহত হয়েছেন এবং ভাঙচুর করা হয়েছে ৬০টি মোটরসাইকেল। শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় এ হামলায় বাজারজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিএনপির কেন্দ্রীয় ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই সমাবেশে নেতৃত্ব দেন বিএনপি মনোনয়নপ্রত্যাশী অবসরপ্রাপ্ত কর্নেল মোস্তাফিজুর রহমান চৌধুরী। অভিযোগ রয়েছে, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আখতারুজ্জামান মিয়া এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন এই হামলার নেতৃত্ব দেন।
এর আগে একইদিন দুপুরে স্থানীয় বিএনপি নেতা জলিল শাহের ওপর হামলা ও লাঞ্ছনার অভিযোগ পাওয়া যায়। এ ঘটনার প্রতিবাদেই সন্ধ্যায় প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষ হওয়ার আগেই রাত সাড়ে ৮টার দিকে একদল অস্ত্রধারী লাঠি, রড, ইট ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলায় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন অনেকেই। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১২ জুলাই) সকালে উপজেলার চৌধুরী রাইস মিল প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হামলার তীব্র নিন্দা জানান উপজেলা বিএনপির নেতারা। কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান লিখিত বক্তব্যে বলেন, “এই হামলা পূর্বপরিকল্পিত। হামলাকারীরা দলীয় পরিচয়ে আমাদের ওপর হামলা চালিয়েছে।”
তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে কাছাকাছি অবস্থানে থাকলেও কোনো হস্তক্ষেপ করেনি। এ সময় বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দল থেকে বহিষ্কারের দাবি জানান।
খানসামা থানার ওসি নজমুল হক বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি, তবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.