মো.মোকাররম হোসাইন, কালাই (জয়পুরহাট)
জয়পুরহাটের কালাই উপজেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে ভোক্তারা চরম বিপাকে পড়েছেন। বাজারে শাক-সবজি, মাছ-মাংস, তেল, ডাল থেকে শুরু করে সবকিছুরই দাম ঊর্ধ্বমুখী। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষদের জীবনযাত্রা হয়ে পড়েছে দুঃসহ।
শনিবার (১২ জুলাই) সরেজমিনে কালাই, মোসলেমগঞ্জ ও আশপাশের বাজার ঘুরে দেখা যায়, প্রায় সব ধরনের পণ্যের দাম বেড়েছে। পেঁয়াজ ৫০ টাকা, কাঁচামরিচ ২২০ টাকা, রসুন ১২০ টাকা, আদা ১২০ টাকা, মসুর ডাল ১০০ টাকা, আটা ৫০ টাকা ও চিনি ১১০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সয়াবিন তেল লিটার প্রতি ১৯০ টাকা, এক হালি ডিম ৪০ টাকা এবং আলু ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
শাকসবজির দামও বেড়েছে কয়েকগুণ — করলা ৬০ টাকা, বেগুন ৮০ টাকা, কচুরলতি ৫০ টাকা, ঝিঙে ৪০ টাকা এবং কচুরবই ৬০ টাকা কেজি।
মাছ-মাংসের বাজারও সাধারণ মানুষের নাগালের বাইরে। রুই ৩২০ টাকা, কাতল ৩৩০ টাকা, ইলিশ এক কেজি ১,৫০০ টাকা, পাবদা ৩৫০ টাকা এবং বয়লার মুরগি ১৫০ টাকা কেজি, সোনালি মুরগি ২৮০ টাকা বিক্রি হচ্ছে।
বাজারে আসা গৃহবধূ, দিনমজুর ও কৃষক শ্রেণির মানুষরা বলছেন, আয়ের সঙ্গে ব্যয়ের কোনো মিল নেই। মাছ-মাংস তো দূরের কথা, সবজি কিনতেই মাসে কয়েক হাজার টাকা চলে যাচ্ছে।
বাজার করতে আসা কৃষক ইসমাইল হোসেন বলেন, “শুধু সবজি কিনতেই মাসে ৪ হাজার টাকা চলে যাচ্ছে। এখন ধার করে সংসার চালাতে হয়।”
ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, “বেতনের পুরোটাই চলে যায় বাজারে। গরুর মাংস কেনার কথা ভাবতেও পারি না।”
ক্রেতা শাহারুল আলম বলেন, “মাসে এক-দুবারও মাছ-মাংস খাওয়া হয় না। ডাল-ভর্তা দিয়েই দিন চলছে।”
বাজারের বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারেই সবকিছুর দাম বেশি হওয়ায় তারা বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করছেন। মাছ ব্যবসায়ী কুটিল বলেন, “চাহিদা বেশি, সরবরাহ কম। তাই মাছের দাম বেড়েছে।”
সবজি বিক্রেতা মিঠুন বলেন, “আমদানি কম থাকায় পেঁয়াজের দাম বেড়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে দাম কমবে।”
এ বিষয়ে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আক্তার জাহান বলেন, “বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের তদারকি অব্যাহত রয়েছে। ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে, অযৌক্তিকভাবে দাম বাড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.