ওসমান হারুনী, বিশেষ প্রতিনিধি
জামালপুরের মেলান্দহে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক লাইনম্যানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার আদবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম কাউসার আলম (২৬)। তিনি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার পাইল হাটি গ্রামের আব্দুল হাদিসের ছেলে এবং পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কাউসার আলম ও তার সহকর্মী কবির হোসেন (২৪) মিলে আদবাড়ীয়া গ্রামের আব্দুস সালামের বাড়িতে অব্যবহৃত বৈদ্যুতিক মিটার বিচ্ছিন্ন করতে যান। কাজ করার সময় কাউসার আলম বিদ্যুতের খুঁটিতে উঠলে হঠাৎ বিদ্যুতায়িত হয়ে খুঁটির সাথেই ঝুলে থাকেন। পরে স্থানীয়রা দ্রুত বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তাকে নিচে নামিয়ে আনেন, তবে ততক্ষণে তার মৃত্যু হয়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের আগে পুরোপুরি লাইন বন্ধ না করেই কাজ শুরু করানো হয়েছিল, যার ফলে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.